সরকারি কর্মকর্তাদের হয়রানিতে শ্রমিক দলের সম্পৃক্ততা নেই: নাজিম উদ্দিন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ এএম

শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের হয়রানি ও অপপ্রচারের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন।

তার অভিযোগ, প্রত্যাশিত সুযোগ-সুবিধা বা অনৈতিক আর্থিক সহযোগিতা না পেয়ে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংগঠনটি জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত।

তিনি বলেন, চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়সহ একাধিক সরকারি দপ্তরে একটি মহল শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগসংবলিত চিঠি গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচার করছে। এসব কর্মকাণ্ডের পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও অর্থায়ন রয়েছে।

নাজিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন’-এর নাম ব্যবহার করে পরিচালিত এসব কর্মকাণ্ডের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো সম্পর্ক নেই। শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।’

নাজিম উদ্দিন আরও বলেন, ‘সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা হচ্ছে। এর পেছনে বিগত সরকারের সহযোগী হিসেবে পরিচিত একটি মহলের ষড়যন্ত্র রয়েছে।’

গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দেওয়া অভিযোগ কিংবা একতরফা বক্তব্যের ভিত্তিতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য নেওয়া এবং তথ্য-উপাত্ত যাচাই করা উচিত।’

একই সঙ্গে সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদেরও চাপ, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন