সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদারে নতুন করে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হওয়া এবং সময়মতো প্রস্থান নিশ্চিত করার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি মেনে অফিসে আসা-যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অধীনস্থ কার্যালয়গুলোকে যথাযথ নির্দেশনা দিতে হবে।
এছাড়া মাঠপর্যায়ের সব অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য যেকোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে স্ব স্ব কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রশাসনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বাড়াতে এ নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
