নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারণের কারণে নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশিত হয়েছে। গেজেটে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
গেজেট অনুযায়ী, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কালে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নিয়ম কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তার আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।
গেজেটে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারণ হলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব নতুন করে সমন্বয় করা হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন।
এর ফলে কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের মাধ্যমে তার মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না।
অর্থ বিভাগের গেজেটে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
