সর্বস্তরে বাংলা ভাষা চালু করা চর্চার বিষয় : ঢাবি উপাচার্য

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা একটি চর্চার বিষয়। এটি বাস্তবায়ন করতে সরকারি পর্যায় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও বৃদ্ধি করা প্রয়োজন। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সব শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করছি। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি। মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণে আমাদের যে উদ্যোগ, তা উত্তরোত্তর বৃদ্ধি পাক।

তিনি বলেন, বাংলা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আমাদের স্বীকার করতে হবে, প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে পারিনি। চর্চা কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, এটি মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন