সাংবাদিক অরিত্রের মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন, মামলা ও কারাবন্দি রাখার ঘটনায় আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর ই-মেইলে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ চিঠি পাঠান।

বিএমএসএফ সূত্রে জানা গেছে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রিন টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে একটি ড্রেন নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরে তার বিরুদ্ধে ৩৮৫ ও ৩৮৬ ধারায় দুটি মামলা করা হয়। গত ২৬ অক্টোবর মামলাগুলো করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার পর থেকে অরিত্র কুন্ডু কারাবন্দি রয়েছেন। তার জামিন আবেদন ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবী খারিজ করে দেন বলে বিএমএসএফ জানিয়েছে।

এ ঘটনায় এর আগে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশনও দাখিল করা হয়েছে। রিটের নম্বর ১৯৯৭৫। এটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

বিএমএসএফের দাবি, রিট বিচারাধীন থাকলেও অরিত্র কুন্ডু কারাগারে থাকায় তার পরিবার চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

সিপিজেকে পাঠানো চিঠিতে অরিত্র কুন্ডুর মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সিপিজের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে সাংবাদিকের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর অনুরোধ করেছে বিএমএসএফ।

সংগঠনটির নেতারা বলেন, সংবাদ সংগ্রহের কারণে একজন সাংবাদিককে নির্যাতন করে মিথ্যা মামলায় আটক রাখা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। তারা অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন