সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন দেশ রূপান্তর বিশেষ প্রতিনিধি রেজাউল করিম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটির সদস্য হয়েছেন দেশ রূপান্তর বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু)। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও তথ্য সচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪-এর ৬ ধারা অনুযায়ী নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে ৩ বছর মেয়াদে ট্রাস্টি বোর্ড গঠন করা হলো। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩.০২.২৬ তারিখের ৩৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

১৩ সদস্যদের কমিটিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান, তথ্য সচিবকে ভাইস চেয়ারম্যান, সদস্য করা হয়েছে প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), দৈনিক সমকাল বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দেশ রূপান্তর বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, দৈনিক বাংলাদেশের খবর’র প্রাক্তন সিটি এডিটর কাওসার হোসেন খোন্দকার, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ), ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।  

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন