সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর।
সিঙ্গাপুরে একটি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টায় তিনি মারা যান।
মিজানুর রহমান সিনহার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজংয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ওষুধ শিল্পগোষ্ঠীর একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং -সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মিজানুর রহমান সিনহা নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন।
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন শোক প্রকাশ করেছেন।
সূত্র: বাসস
