সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা

বাংলাদেশ নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সাবিনার অফিসিয়াল ফেসবুক পেজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলার খেলোয়াড়রা ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন।

তাদের একজন সাবিনা খাতুন। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা। তার নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ।

সাবিনা বলেন, ‘সংবর্ধনা পাওয়াটা আমাদের জন্য সবসময়ই গর্বের ও আনন্দের।  সব ক্রীড়াবিদদের পক্ষ থেকে বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমাদের আরও উজ্জীবিত করে। দেশের পতাকাটা যখন আমরা বুকে ধারণ করি, তখন সবসময় একটা কথাই মাথায় আসে, দেশের সম্মান।’

বাংলাদেশের অনেক স্পোর্টস এখন অনেক এগিয়ে যাচ্ছে। সেটি ধরে রেখে সামনে আরও ভালো করার প্রত্যয় সাবিনার কন্ঠে। তবে, সেজন্য দায়িত্ব নিতে হবে সব ক্রীড়া ফেডারেশনকে।

সব ক্রীড়া ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়ে সাবিনা বলেন, ‘যে সব ক্রীড়া সংগঠনের সদস্যরা আছেন সবার প্রতি ধন্যবাদ। আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সব খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আশা করি, বাংলাদেশকে আমরা যে সাফল্য এনে দিয়েছি, আরও অনেক বেশি সাফল্য আমরা এনে দিতে পারব।’



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News