সারের দাবিতে মহাসড়ক অবরোধ, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
সারের দাবিতে মহাসড়ক অবরোধ, মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

খুচরা ও ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাফার গোডাউন সংলগ্ন এলাকায় এ অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা। যান চলাচল বন্ধ থাকায় অনেক পথযাত্রী সময় বাঁচাতে বিকল্প বাইপাস সড়ক ব্যবহার করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সার সরবরাহ ও ন্যায্যমূল্যে সার পাওয়ার আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর অবরোধ তুলে নেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, বাফার গোডাউনে সার মজুদ থাকলেও প্রয়োজনের সময় তারা সার পাচ্ছেন না। খুচরা বাজারেও অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কৃষকদের দাবি, দ্রুত খুচরা ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন