দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক পুনরুজ্জীবিত করতে সার্বিক সমর্থনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি সার্ক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অটল সমর্থন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সদস্য দেশগুলির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আজ সোমবার সকালে সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এই অভিমত জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি প্রথম উত্থাপন করেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান—১৯৮০-এর দশকের শুরুতে। এর লক্ষ্য ছিল জনগণের কল্যাণ নিশ্চিত করা, জীবনমান উন্নয়ন এবং সমষ্টিগত আত্মনির্ভরতা জোরদার করা। প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে এবং ১৯৮৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে বাংলাদেশ, পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সার্কের প্রাসঙ্গিকতা বজায় রাখতে সদস্য রাষ্ট্রগুলোর অবদানের কথা স্বীকার করে।
তিনি আরও বলেন, সার্ক অভিন্ন আঞ্চলিক মূল্যবোধ লালন করে চলেছে এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, জনগণের সাথে জনগণের যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধি করে চলেছে।
প্রতিমন্ত্রী সার্কের প্রক্রিয়াগুলিকে শক্তিশালীকরণ এবং এর প্রক্রিয়াগুলিকে পুনরুজ্জীবিত করার উপর জোর দেন এবং সার্ক সনদে অন্তর্ভুক্ত নীতিগুলির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে রয়েছে সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলির জনগণের পারস্পরিক সুবিধা।
