সিসিটি-এনসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরের পথে বিক্ষোভ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের হয়ে বন্দর অভিমুখে যায়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’।

মিছিলটি বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সেখানেই কর্মসূচি শেষ করার অনুরোধ জানান। পরে পুলিশের অনুরোধে মিছিল শেষ করা হয়।

তাদের অভিযোগ, দেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো ইজারা দেওয়ার উদ্যোগ জনস্বার্থের পরিপন্থী।

কর্মসূচিতে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ‘সোনার ডিমপাড়া হাঁস’। সোনার ডিমের পাশাপাশি পুরো হাঁসটিই খেয়ে ফেলার চেষ্টা

করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না।

বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের প্রধান ফটকের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের দাবি, বন্দর ও এর টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থ, রাজস্ব আয় এবং স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কোনো বিদেশি বা দেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার আগে এর আর্থিক ও কৌশলগত প্রভাব জনসম্মুখে স্পষ্ট করারও দাবি জানান তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন