সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এক লাখ সেনা মোতায়েন: সেনাসদর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০-৪২ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করত, এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সরাসরি টহলের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ ৪০-৪২ হাজার সদস্য মোতায়েন করেছি। এবার এক লাখ সদস্য মোতায়েনের মূল কারণ হলো, ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমতি পাওয়া। সাধারণ ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেনাসদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, শুধুমাত্র ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন