সেন্টমার্টিনসহ কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পাঠানো শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল অনুষ্টিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সেন্টমার্টিন দ্বীপসহ বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্টমার্টিন দ্বীপে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম। উপজেলা প্রশাসন জানায়, দ্বীপের ভোট কেন্দ্রে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনী, বিজিবিসহ পুলিশ দায়িত্ব পালন করবেন।

টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।”

এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী চারবারের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। জামায়াতের প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমির ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে সাইফুদ্দিন খালেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মাঠপর্যায়ের চিত্রে ভোটের মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায়, এ আসনে উখিয়া ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ও টেকনাফে ৬১টি কেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উখিয়া ও টেকনাফ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন,’সকাল ১১টা থেকে পউলিশ প্রহরায় নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর