সোনার বাংলা গড়তে আগে সোনার মানুষ প্রয়োজন: মাওলানা আবুল কালাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার বাংলা গড়াতে আমরা যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করতে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আদর্শবান ও নৈতিকতা সম্পন্ন মানুষ ছাড়া একটি উন্নত রাষ্ট্র গঠন করা অসম্ভব।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী ফাজিল মাদরাসা ময়দানে মহিলা সমাবেশ, এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি সমাবেশ, আমাদী ইউনিয়নের খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশ করেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে এদেশের শাসন ক্ষমতা প্রধান তিনটি দলের হাতে বারবার বদল হয়েছে। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনও প্রকৃত পরিবর্তন হয়নি। দুর্নীতি, শোষণ আর দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে দেশের সাধারণ জনগণ। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশ শ্রেষ্ঠ হতে পারে না। জনগণের নৈতিক উন্নয়নই হলো একটি জাতির মূল ভিত্তি। সোনার মানুষ তৈরি ব্যতীত সোনার বাংলা গড়া কেবল একটি স্লোগানই থেকে যাবে। তাই জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায় যেখানে মানুষ হবে সৎ, দেশপ্রেমিক এবং খোদাভীরু।

খুলনা-৬ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী আসন্ন দিনগুলোতে নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব এবং আদর্শিক পরিবর্তনের মাধ্যমেই কেবল জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারি তৈবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক খুলনা অঞ্চল এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি খুলনা জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস কয়রা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ, যুব বিভাগ সভাপতি মুফতি আলমগীর হোসেনসহ আরও অনেক নেত্রীবৃন্দ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর