জাতীয় নির্বাচনের যেসকল নেতাদের মনোনয়ন দেয়া যায়নি সেসকল ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। আজ (৪ এপ্রিল) দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, ঢাকা সিটি উত্তর করপোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে। দলীয় লোক ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহন করবে বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
