জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর সঙ্গে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে।
বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারকরণে আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে, বলেন স্পিকার।
এ সময় ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতু বন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে।
বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।
এ সময় হাইকমিশনার ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
