জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
আজ শনিবার এক শোকবার্তায় চিফ হুইপ বলেন, দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এর আগে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। মরহুমার প্রথম নামাযের জানাযা আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দ্বিতীয় নামাজে জানাযা একই দিনে ঢাকা ক্যান্টনমেন্টে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
