বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে হজযাত্রীর লিখিত সম্মতি থাকতে হবে এবং একজন হজযাত্রীকে একাধিকবার স্থানান্তর করা যাবে না।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের কার্যক্রম শর্তসাপেক্ষে করা যাবে। কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে তার লিখিত অনুমতি ছাড়া অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। একই হজযাত্রীকে একাধিকবার স্থানান্তরও করা যাবে না।
এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তরের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর কার্যক্রম ১৫ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সম্পন্ন করতে হবে। অর্থাৎ এ জন্য নয় দিন সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করে বিজ্ঞপ্তির অনুলিপি ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, বাংলাদেশ হজ অফিস, হাবসহ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোতে পাঠানো হয়েছে।
