হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। তাঁর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ হতে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার যা হজক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ হতে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এ সকল উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেবেন। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন