হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম

কক্সবাজারের রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন দুই সহোদর আওয়ামী লীগ নেতা। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন।

তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন।

জানাজা নামাজে হাতকড়া হাতে অঝোরে কেঁদে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মো. ইসমাঈল বলেন- তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

তারা কখনো কারো ক্ষতি বা অন্যায় করেননি। এসময় তারা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া চান।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় জামিন হওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় ফের আটক দেখানো হয়।

সেটার জামিন হলে রামুর মাহিন চৌধুরীর মামলায় আবারও আটক হয়ে দুই ভাইকে কারাভোগ করতে হচ্ছে দীর্ঘ আড়াই মাস ধরে।
কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তারা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ।

মোহাম্মদ ইসলামের স্ত্রী কুলছুমা বেগম বলেন, ‘আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ।

সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না তাদেরকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। তারা দুই ভাই কারাগারে আমাদের দেখার কেউ নেই। আমার শ্বশুরও খুব অসুস্থ। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।’
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ‘দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জামিন সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন