হাসিনা শারীরিকভাবে দেশে নেই, কিন্তু তার রাজনীতি রয়ে গেছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে।’

রবিবার (৮ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন। 

‘শেখ হাসিনার রাজনীতি’ শিরোনামের পোস্টে ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও তার রাজনীতির মূল সুর এখনও দেশের রাজপথে, বিশেষ করে তার পতনের আন্দোলনে অংশ নেওয়া অনেকের মধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে।

সাবেক এই উপদেষ্টা শেখ হাসিনার রাজনীতিকে তিনটি মূল বৈশিষ্ট্যে ব্যাখ্যা করেছেন। প্রথমত, ‘মালিকানার রাজনীতি’-যেখানে একচেটিয়াভাবে মুক্তিযুদ্ধের চেতনার ওপর নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, ‘ট্যাগ দেওয়ার রাজনীতি’-যেখানে রাজনৈতিক বিরোধীদের স্বাভাবিক প্রক্রিয়ায় না মোকাবেলা করে তাদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও পাকিস্তানপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা দেখা যায়। তৃতীয়ত, ‘ভিকটিমহুডের রাজনীতি’-যেখানে নিজেদের নির্যাতিত হিসেবে উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক পুঁজি অর্জনের কৌশল নেওয়া হয়।

ড. আসিফ নজরুল তার বিশ্লেষণে উদ্বেগ প্রকাশ করে বলেন, মনে হতে পারে আমরা শুধু শেখ হাসিনার শাসনের অবসান ঘটানোর জন্য আন্দোলন করেছি, কিন্তু তার রাজনীতির এই কৌশল ও দর্শনের একটি বড় অংশ হয়তো অজান্তেই আমাদের মাঝে বেঁচে আছে। তার মতে, প্রকৃত পরিবর্তনের জন্য এই রাজনৈতিক মানসিকতা থেকে বেরিয়ে আসাটা জরুরি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন