‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্টানে জুলাই আন্দোলনে আহত ও নিহত ১২শ জুলাই যোদ্ধাদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া ৬ কোটি টাকার চেক বাউন্স হয়েছে। তবে বাউন্স হওয়া চেক গুলো আগামী ১০ ফেব্রুয়ারী থেকে টাকা উত্তোলন করতে পারবে বলে জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী লায়ন আসলাম চৌধুরী।
গত ৭ জানুয়ারি ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জেএএম সংস্থা কর্তৃক আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে চেক গুলো তুলেদেন লায়ন আসলাম চৌধুরী। এসময় সংস্থাটির চেয়ারম্যান এবং আসলাম চৌধুরীর একমাত্র কন্যা মেহরীন আনহার উজমা ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবার গুলো গণমাধ্যমকে জানায়, অনুষ্ঠানের পর চেক নিয়ে পূবালী ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাব নাম্বারে মাত্র ২০ হাজার টাকা রয়েছে বলে জানায়। পরে আসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ৩ দফা সময় দেন। সর্বশেষ গতকাল ৫ ফেব্রুয়ারী ব্যাংকে গিয়েও টাকা উত্তোলন সম্ভব হয়নি।
বিষয়টি আসলাম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, গেজেটভূক্ত জুলাই যোদ্ধাদের জেএএম সংস্থা কর্তৃক ৫০ হাজার টাকা করে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সে অর্থ আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে ক্যাশ করা হবে। ১০ ফেব্রুয়ারী থেকে সবাই অর্থ উত্তোলন করতে পারবেন।
তিনি আরো বলেন, এটি একটি চলমান ধারাবাহিক প্রক্রিয়া। আগামী ১৫ মার্চ পরবর্তি প্রকল্প শুরু হবে।
