১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। এদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিনের নাম আলোচিত হচ্ছে। ডেপুটি স্পিকার হিসেবে আন্দালিব রহমান পার্থ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আলোচনায় আছেন। এ ছাড়াও রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর