
সম্প্রতি শেষ হওয়া বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক পণ্যের মেলা ‘সিইএস ২০২৬’-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সমন্বয়ে নজর কেড়েছে টেক জায়ান্ট স্যামসাং। মেলার ‘ফার্স্ট লুক’ ইভেন্টে প্রতিষ্ঠানটি তাদের ‘কম্প্যানিয়ন টু এআই লিভিং’ লক্ষ্যমাত্রা উন্মোচন করে।
এবারের প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্যামসাংয়ের নতুন ‘ভিশন এআই কম্প্যানিয়ন’ (ভিএসি)। এই প্রযুক্তি টিভি ব্যবহারকারীর পছন্দ ও মুড অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কন্টেন্ট, গান বা খাবারের সাজেশন প্রদান করবে। স্যামসাংয়ের ২০২৬ সালের ওএলইডি ও নিও কিউএলইডিসহ সব টিভি লাইনআপে এই অ্যাসিস্ট্যান্ট যুক্ত থাকবে। এছাড়া ১৩০ ইঞ্চির বিশাল মাইক্রো আরজিবি ডিসপ্লে প্রযুক্তির বৈশ্বিক উন্মোচন দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে।
মেলার শেষ দিনে স্যামসাং কর্তৃপক্ষ স্মার্টথিংস প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরকে আরও স্মার্ট ও বিদ্যুৎ সাশ্রয়ী করার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায়। এআই প্রযুক্তির নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।



