newsদেশের মোবাইল টেলিকম অপারেটরদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসি’র এমডি ও সিইও জিয়াদ সাতারা। বুধবার (১১ মার্চ) সংগঠনের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন।

আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন জিয়াদ সাতারা। নবনির্বাচিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলালিংকের সিইও ইয়োহান বুসে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন ইয়াসির আজমান। এছাড়া টেলিটকের এমডি নূরুল মাবুদ চৌধুরী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “মোবাইল টেলিযোগাযোগ খাত বর্তমানে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দু। একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমরা নিয়ন্ত্রক সংস্থা ও সকল অংশীজনদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এমটব আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন নেতৃত্বের অধীনে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই শিল্প আরও অর্থপূর্ণ অবদান রাখবে।