১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

সাত দিনের মধ্যে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন।

শওকত আজিজ রাসেল বলেন, দেশের অর্ধেক টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। বাকি অর্ধেক ৫০ শতাংশ সক্ষমতা নিয়ে চলছে। তারপরও মিলগুলোতে ১২ হাজার ৫শ কোটি টাকার সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে বিদেশ থেকে সুতা আমদানি অব্যাহত। বিষয়টি সরকারের সঙ্গে কথা বলতে চাইলে সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। সরকার টেক্সটাইল খাততে পরিত্যক্ত (অ্যাবান্ডেড) করে রেখেছে। এ অবস্থায় বাকি মিলগুলো চলার সক্ষমতা রাখতে পারবে না।

মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না। সমস্যা সমাধানে সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন