২০২৫ সালে সড়কে ৯১১১ জনের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। এর মধ্যে রেল ও নৌ-পথ মিলিয়ে ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জন নিহত ও ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন। এ ছাড়া রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। 

আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নৌ-পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত, ১৩৯ জন আহত ও ৩৮ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৪৯৩টি। এতে নিহত হয়েছেন ২ হাজার ৯৮৩ জন ও আহত হয়েছেন ২ হাজার ২১৯ জন। মোট দুর্ঘটনার ৩৭.০৪ শতাংশ, নিহতের ৩৮.৪৬ শতাংশ ও আহতের ১৪.৯৮ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৬.৯৪ শতাংশ, নিহতের সংখ্যা বেড়েছে ৫.৭৯ শতাংশ এবং আহত বেড়েছে ১৪.৮৭ শতাংশ। এ ছাড়া মোট দুর্ঘটনার ৩৮.২২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২৮.৮৩ শতাংশ ফিডার রোডে ঘটেছে। ৪.২২ শতাংশ দুর্ঘটনা ঢাকা মহানগরীতে, ০.৯০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৬৮ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার কারণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে ৬০ হাজার কোটি টাকার বেশি। এই ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহন ব্যবস্থার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর