পোশাক কারখানাগুলোতে বেতন-বোনাস ও বকেয়াসহ সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক লুৎফর রহমান আকাশ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে ২০ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস ও মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের জানান নেতারা।
সমাবেশে নেতারা বলেন, ঈদের ছুটি নিয়ে শ্রমিকদের জেনারেল ডিউটির নামে অধিক হারে শোষণের পদ্ধতি চালু করেছে মালিকরা। ছুটি নিয়ে মালিকদের এই কারচুপি বন্ধের জন্য সরকারি দপ্তরকে তৎপর হতে হবে। একই সঙ্গে শেষ সময়ে পূর্ণ বোনাসের বদলে অল্প কিছু টাকা ধরিয়ে দেওয়ার পুরাতন কৌশল থেকে মালিকদের বের হয়ে আসতে হবে। এ বিষয়ে সুষ্টু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে আগামী ৬ মার্চ পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে সকল গার্মেন্ট শিল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
শ্রমিক সমাবেশ শেষে একটি মিছিল কদমফুল ফোয়ারা ঘুরে তোপখানা সড়ক হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মৈত্রী ঘোষ, রিফাত হাবিব, শিল্পী আক্তার, শাহীন আলম, ইব্রাহীম ফকির, বাবলু হাসান প্রমুখ।
