৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ ১০৫ প্রার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ এএম

৪৫তম বিসিএসের নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে। তবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা ১ হাজার ৮০৭ জনের মধ্যে বাদ পড়েছেন ১০৫ জন।

প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো। চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

এরপর ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত সময় লাগে প্রায় তিন বছর। এরপর গেজেট প্রকাশে আরও প্রায় ১১ মাস পেরিয়ে যায়। সব মিলিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় চার বছর সময় লাগল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন