৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ৬ এপ্রিল ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এপ্রিল এর প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১২৭ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।ফেরত পাঠানো বন্দিদের মধ্যে ছিলেন ৬৪ জন বাংলাদেশি, ২১ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামি এবং একজন করে থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার নাগরিক।
সব বন্দিকে কেএলআইএ-১ ও কেএলআইএ- ২ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নির্যাতন আইন ( এ্যাক্ট – ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ ( এ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ( এ্যাক্ট ১৫৫), ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষ করার পরই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো সকল বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
