জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সকল খুনির বিচার ও শাস্তি কার্যকর করতে ছয় মাসের আল্টিমেটাম ঘোষণা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ। এছাড়াও ফ্যাসিবাদী সংবিধান বাতিল এবং আইন করে আওয়ামী লীগসহ সব ফ্যাসিবাদী দল ও সংগঠন নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন সংগঠনটি।
গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। সামগ্রিক পরিস্থিতিতে জুলাই গণহত্যার বিচার ও সংসদে আইন পাস করে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে চুপ করে থাকার অবকাশ নাই বলে মন্তব্য করেন সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি বলেন, বিচার আদায় করতে হলে আমাদেরকে লাগাতার আন্দোলনের মধ্যে থাকতে হবে। ছয় মাসের মধ্যে যেন বিচার ও শাস্তি কার্যকর হয় এজন্য দুই মাসের মধ্যে জেলায় জেলায় ট্রাইব্যুনাল খোলা ও সকল অভিযুক্ত খুনিকে গ্রেপ্তার করার বিষয়ে জনগণকে রাজপথে হাজির করা হবে। ফ্যাসিবাদী দল ও সংগঠনের দলগত বিচারের দাবি আদায়েও রাজপথে প্রতিরোধ ও সংসদ ঘেরাও করা হবে।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান নতুন সংবিধান প্রণয়নের জন্য জনমত তৈরি করে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল ও সমগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, ইনশাল্লাহ বাংলাদেশের প্রধান সংকট ফ্যাসিবাদী সংবিধান থেকে মুক্ত হতে জনগণ অচিরেই একটি ব্যাপকভিত্তিক গণঅভ্যুত্থান সংঘটিত করবে। সবার উচিত দ্বিধা সংকোচ ছেড়ে এ গণঅভ্যুত্থানকে বেগবান করতে নিজ নিজ পরিসরে সক্রিয় হওয়া।
সমাবেশে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, আমরা দেখেছি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে জনগণের আবেগ ক্যাশ করার জন্য শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছিলেন। কিন্তু ক্ষমতায় বসার পর সরকার শহীদ হাদি হত্যার বিচারের কথা ভুলে গেছে। এছাড়া সরকার সংষ্কারকে পাশ কাটিয়ে জুলাই বিপ্লবকে উপেক্ষা করতে চাচ্ছে।
বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চানলায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, বায়েজিদ বোস্তামি, আহত জুলাই যোদ্ধা মো:শফিকুর রহমান, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ডা. নাবিল আহমদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মো. আরিফুল ইসলাম, মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম ম-ল ও সদস্য সচিব মো: জিনাত হুসাইন প্রমুখ।
