৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম

৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেছেন- সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের কিছু প্রস্তাব আছে, যেগুলো বিএনপি মেনে নিতে পারে না। তারা চান সংবিধানে ৭১ ও ২৪ এক সারিতে স্থান দেওয়া হোক- যা কোনোভাবেই সম্ভব নয়। ৭১ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের অস্তিত্ব- যার সঙ্গে আর কিছুরই তুলনা হয় না।

আজ রবিবার (৫ এপ্রিল) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পয়েন্ট অব অর্ডারে দেয়া ভাষণের প্রেক্ষিতে তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যাদের কাছে বাংলাদেশের প্রথম সংবিধান পরাজয়ের গ্লানি, তাদের এটা নিয়ে সমস্যা থাকাই স্বাভাবিক। কারণ ৭২-এর সংবিধানে স্বাধীনতাবিরোধীদের শাস্তির বিধান ছিল। তখকার ‘কোলাবোরেটর’ যারা তারা এটা সহ্য করতে না পারারই কথা।

‘জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে’ বক্তব্যটির রেফারেন্স দেওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার সেই বক্তব্য ছিল একটি ‘মেটাফোর’, যা তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার সেই পঞ্চম সংশোধনী নিয়ে বলেছিলেন। বিএনপি বেগম জিয়ার সেই কথার ওপর শতভাগ সম্মান রেখেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কথা। কিন্তু এ নিয়ে বিরোধীদলের কোনো মাথাব্যথা নেই, তারা তথাকথিত সেই রাষ্ট্রপতির আদেশের ওপর ভর করে গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান। অথচ ৭৩ সালের এপ্রিলে সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা লাঘবে পর থেকে অদ্যাবধি রাষ্ট্রপতির কোনো আদেশ জারির ক্ষমতাই নেই। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির আদেশের নামে একের পর এক মিথ্যাচার জাতির ওপর চাপিয়ে দিয়েছিলো- যেগুলো সংসদে পাশ না হওয়া পর্যন্ত একটিরও নূন্যতম মূল্য নেই বলেও জানান তিনি। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন