৮ নারী উদ্যোক্তা পেলেন পারপেল প্রেসেন্টস ‘সাহসিকা সম্মাননা’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম

‘বাঁধ ভেঙে দাও’ এই স্লোগান সামনে রেখে রবিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আটটি ভিন্ন খাতে অবদানের জন্য আটজন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ বছর কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা বিষয়ক ব্যবসাসহ সর্বমোট ৮টি ক্যাটাগরিতে ৮ নারী উদ্যোক্তাকে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া তিনটি বিশেষ ক্যাটাগরিতে ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার বুটিক ও হস্তশিল্প ক্যাটাগরিতে আরুবাস কালার বুটিকের কর্ণধার নিগার সুলতানা এবং ওষুধ শিল্প ক্যাটাগরিতে শরিফ ফার্মার পরিচালক রাজিয়া শরিফ জনিকে সাহসিকা-বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের চিফ অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। সমাপনী বক্তব্য রাখেন সাহসিকা নারী উদ্দোক্তা সম্মাননা উদ্দোগের আহ্বায়ক রেদওয়ান রাহী।

সকল সাহসিকা নারীদের সম্মাননা স্মারক ক্রেস্ট উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে উদ্যোক্তা সৃষ্টি, উৎসাহ প্রদান ও ব্যবসা পরিচালনার খুঁটিনাটি নানা বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, বিজনেস সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন