ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গতকালের উদ্ভুত পরিস্থিতি ও সমস্যার শিগগিরই সমাধান হয়ে যাবে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের জন্য জনগণের দুর্ভোগ হয়, এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে করাই ভালো।

একই বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকালের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানান, গতকাল রাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের ঘটনা পুলিশ ধৈর্য সহকারে মোকাবিলা করেছে। পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেনি। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করেছে। যে কারণে রক্তক্ষয়ী কোনও ঘটনা ঘটেনি। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর