রেলকর্মীদের আন্দোলনের বিষয়টি একান্তই নিজস্ব: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই তাদের সুবিধা দিয়েছি। তারপরও তারা এখন কেন আন্দোলন করছে, এটা তাদের ব্যাপার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। তারা বলেছেন, এই দিতে হবে, ওভারটাইম অ্যালাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার, দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল, সে সুবিধা আমরা দিয়েছি। 

তিনি আরও বলেন, এখন অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে, যৌক্তিক কিছু থাকলে অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরির ব্যাপারে সমস্যা হলে সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রেলের ওভারটাইমের ইস্যুটি এসেছিল, সেটা আমরা সমাধান করেছি। এখন যদি বলে পেনশন গ্র্যাচুইটি যোগ করতে হবে, এমন দাবি তো অন্যান্য সংস্থার অনেক আছে। দাবি-দাওয়ার ইস্যুতে তারা যদি রেল বন্ধ করে দেয় তাহলে সেটি রেলওয়ে উপদেষ্টা বলবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর