লালমনিরহাটে জনপ্রিয় হচ্ছে চুইঝাল চাষ

চুইঝাল দড়ি দিয়ে বাঁধছেন কৃষক। ছবি : বাসস
চুইঝাল দড়ি দিয়ে বাঁধছেন কৃষক। ছবি : বাসস

খুলনা অঞ্চলের জনপ্রিয় মসলা চুইঝাল এখন লালমনিরহাটেও ব্যাপক হারে চাষ হচ্ছে। চাহিদা ও লাভজনকতার কারণে প্রতিটি গ্রামে বাড়ছে এর চাষ। স্থানীয়ভাবে ‘চইপান’ নামে পরিচিত এ লতা জাতীয় উদ্ভিদ সুপারি, নারিকেল বা ফলদ গাছে বেয়ে ওঠে। আলাদা জমি, সার বা কীটনাশক ছাড়াই চাষ সম্ভব হওয়ায় কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। চারা রোপণের ২-৩ বছরের মধ্যে বিক্রির উপযোগী হয় চুইঝাল। আকারভেদে প্রতিটি গাছ ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।মদাতি ইউনিয়নের কৃষক মনিরুজ্জামান জানান, ৩০টি গাছে চারা রোপণ করেছেন তিনি। তিন বছর পর দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন।

সদর উপজেলার আব্দুল জলিল বলেন, ১৫ বছরে প্রতিটি গাছ থেকে ১২ থেকে ২০ হাজার টাকার চুইঝাল বিক্রি করেছি। দেশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতারা আসেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে বর্তমানে ২৬ হাজার চুইঝাল গাছ রয়েছে। জেলার প্রায় ৫০০ পরিবার এ মসলার ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিবছর প্রায় ১০ কোটি টাকার চুইঝাল কেনাবেচা হয়।