বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান উত্তেজনা যত দ্রুত কমবে তত মঙ্গল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা হ্রাস করাটা জরুরি বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে, সেজন্য উভয়পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা হ্রাস করাটা জরুরি।

দুই দেশের মধ্যে উত্তেজনা যত তাড়াতাড়ি কমবে ততই মঙ্গল বলেও মনে করেন তিনি। তিনি বলেন, রাশিয়া, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে, সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে না পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং আস্থার ওপর ভিত্তি করে হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন খোজিন।

নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর