আইন উপদেষ্টাকে বিচার বিভাগ নিয়ে মন্তব্যে সংযমের আহ্বান খোকনের

বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্যে সংযত থাকার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিচার বিভাগ এখন নির্বাহী বিভাগ থেকে পৃথক এবং এর জন্য আলাদা সচিবালয়ও গঠিত হয়েছে। এ অবস্থায় বিচার বিভাগ নিয়ে দায়িত্বশীল অবস্থান বজায় রাখা প্রয়োজন।

সোমবার (২২ ডিসেম্বর) আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে সাধারণ আইনজীবী সমাজের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

খোকন বলেন, আইন উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তি। তবে বিচার বিভাগ নিয়ে এমন কোনও মন্তব্য করা উচিত নয়, যা আদালত অবমাননার প্রশ্ন তৈরি করতে পারে। তিনি আইন উপদেষ্টাকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ইরফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, হত্যাকারীরা যেখানেই আত্মগোপনে থাকুক- আকাশে কিংবা মাটির নিচে—তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল সজল বলেন, সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর আইন উপদেষ্টা সাংবাদিকদের কাছে উচ্চ আদালত থেকে জামিন কম দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন, যা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তিনি এ বক্তব্যকে আদালত অবমাননাকর উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, বিচার বিভাগ নিয়ে কথা বলার ক্ষেত্রে আইন উপদেষ্টাকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল লতিফ ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

সমাবেশটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।