ভারতে বাংলাদেশ হাইকমিশনের ঘটনায় নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

ভারতের হিন্দুত্ববাদী চরমপন্থি সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। গত শনিবার নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে একদল চরমপন্থীর বিক্ষোভ ও গতকাল শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ঢাকা।

এসব ঘটনায় আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। তলব করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভয় দেখানোর উদ্দেশে বাংলাদেশি কূটনৈতিক প্রতিষ্ঠানে এসব সহিংসতা পূর্বপরিকল্পিত। এসব ঘটনা কেবল কূটনৈতিকদের নিরাপত্তাকেই বিপন্ন করছে না, বরং পারস্পরিক শান্তি ও সহনশীলতার নীতিকেও অমর্যাদা করছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আন্তর্জাতিক ও কূটনৈতিক শিষ্টাচার মেনে ভারত বাংলাদেশের হাইকমিশনসহ সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন