ভোটার হাওয়ার নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম

ভোটার নিবন্ধনের কাজ সারলেন তারেক রহমান
ভোটার নিবন্ধনের কাজ সারলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর নির্বাচনি প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি।আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারেক রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সকল আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করেন। নিবন্ধন কার্যক্রমের অংশ হিসেবে তিনি তার আইরিসের প্রতিচ্ছবি (চোখের মণি), আঙুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তিনি পুনরায় বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হলেন।

তারেক রহমানের নির্বাচন কমিশনে আসাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আগারগাঁও এবং এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় পুরো নির্বাচন ভবন এলাকা ঘিরে রাখে।

এ সময় প্রিয় নেতাকে একনজর দেখতে ও অভিনন্দন জানাতে শেরেবাংলা নগর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ জমায়েত হন।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন