বৃহস্পতিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

সতেরো বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। তার প্রত্যাবর্তন উপলক্ষে যানজটের শঙ্কায় রাজধানীর বেশ কিছু এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল্লাহপুর থেকে গাবতলীগামী যানবাহন কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ হয়ে চলাচল করবে। উত্তরা ও মিরপুর এলাকার বাসিন্দারা এয়ারপোর্ট সড়ক এড়িয়ে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর হয়ে খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে মিরপুর বেড়িবাঁধ ব্যবহার করবেন। গুলশান ও বনানী এলাকার যানবাহন গুলশান-১ ও পুলিশ প্লাজা হয়ে মহাখালী না গিয়ে কাকলী-গুলশান-২-কামাল আতাতুর্ক এভিনিউ ব্যবহার করবে। কাঞ্চন ব্রিজ থেকে ঢাকাগামী যানবাহন পূর্বাচল এক্সপ্রেসওয়ের মল চত্বর থেকে বামে মোড় নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে চলাচল করবে।

মহাখালী থেকে গাবতলীমুখী যানবাহন মহাখালী বাস টার্মিনাল থেকে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করতে পারবে। এ ছাড়া তেজগাঁও ও মিরপুর এলাকার যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় যাতায়াত করতে পারবে।

ঢাকার বাইরে থেকে আগত যানবাহনের জন্য ভোর ৪টা থেকে নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। টঙ্গী ও জয়দেবপুর রুটের গাড়ি বিশ্ব ইজতেমা মাঠে পার্কিং করতে হবে। সিলেট ও চট্টগ্রাম রুটের গাড়ি নীলা মার্কেট বা পূর্বাচল বাণিজ্যমেলা মাঠে, আমিনবাজার ও গাবতলী রুটের গাড়ি উত্তরা ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ি পশুরহাট মাঠে পার্কিং করা যবে। এ ছাড়া বাবুবাজার ও বসিলা ব্রিজ রুটের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবং মাওয়া ও বুড়িগঙ্গা ব্রিজ রুটের গাড়ি মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্ক করতে বলা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন