সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। গেট খোলার সঙ্গে সঙ্গে লাখো মানুষ প্রবেশ করেন এবং শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য ভিড় জমান।
জানা গেছে, সকাল সোয়া ১০টার পর প্রবেশ পথ উন্মুক্ত করা হয়। এর ফলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় সমাবেশ করা মানুষদের চলাচল সহজ হয় এবং জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়। দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, ‘বাড়ি থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজা দেখতে ঢাকায় এসেছি।’
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন সম্পূর্ণ প্রস্তুত বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে জানাজা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
