মেট্রোরেলেই খালেদা জিয়ার জানাজাস্থলে বিএনপির নেতাকর্মী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নেওয়ার সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচীর অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা বিএনপির নেতাকর্মীরা মেট্রোরেলকে বেছে নিচ্ছেন। যানজট, ভিআইপি চলাচল ও সড়ক বন্ধের ভোগান্তি এড়িয়ে নির্ধারিত সময়ের আগেই জানাজাস্থলে পৌঁছাতে তারা এ পরিবহন মাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন।

চট্টগ্রাম মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপির সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আগত নেতাকর্মীরা ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান। এরপর মতিঝিল মেট্রো স্টেশন হয়ে বিজয়সরনী স্টেশনের উদ্দেশে রওনা দেন তারা।

সিরাজগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় আসেন বিএনপিকর্মী এনায়েতুর রহমান, সবুজ মিয়া ও নাজমুল হোসাইন। এনায়েতুর রহমান বলেন, বাসে এলে দেরি হওয়ার আশঙ্কা ছিল। তাই রংপুর এক্সপ্রেসে করে কমলাপুরে নেমেছি। আমাদের জেলা থেকে অনেকেই এরই মধ্যে জানাজাস্থলে পৌঁছে গেছেন।

দেশের বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রেনে ঢাকায় নেমে যানজট এড়াতে এবং দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশ মেট্রোরেলকেই সবচেয়ে নিরাপদ ও কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর