তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অর্ধনমিত জাতীয় পতাকা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। তাঁর নামাজে জানাজার দিন হিসেবে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় শোকের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার-এই তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হবে।

ঢাকার বিপণিবিতান বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি পরিষেবাসমূহ ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম। টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও কাজ চালিয়ে যাবেন। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর