হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সরকারের আমলে থার্ড টার্মিনাল চালু হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, এ সরকারের সময় চালু করতে পারবো না।
তিনি বলেন, থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি। আমরা দরকষাকষি করেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।
উপদেষ্টা আরও বলেন, এটার যে পদ্ধতিগত প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলো আমরা সচল করার জন্য বর্তমানে নিয়োজিত আছি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এ সময় উপদেষ্টা বলেন, বিমান টিকিট বিক্রয়ে অসাধু এজেন্সির সিন্ডিকেশন ও যাত্রী হয়রানি বন্ধে নতুন অধ্যাদেশ দুটিতে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, অধ্যাদেশ বাস্তবায়িত হলে বিমান টিকিট সংক্রান্ত প্রতারণা ও হয়রানি বন্ধ হবে।
উল্লেখ্য, বিমান ভাড়া ও টিকিট বিক্রয়ে অনিয়ম রোধে কঠোর এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
এছাড়া তীব্র কুয়াশার কারণে বিমান অন্য দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
