বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

বিয়ের মঞ্চ থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দিলেন এক নবদম্পতি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে তুলে ধরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন বর-কনে।

সোমবার (৫ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের একপর্যায়ে তাঁরা ‘ওসমান হাদির ন্যায়বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কনে কুররাতুল আইন কানিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুন নাহার হলের ভিপি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিয়েতে আগত অতিথিরা বলেন, নবদম্পতির এই উদ্যোগে ওসমান হাদির ন্যায়বিচারের দাবিতে তাঁদের দৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে। সামাজিক দায়বোধের অনন্য নজির স্থাপন করায় তাঁরা নবদম্পতিকে ধন্যবাদ জানান।

কনে কুররাতুল আইন কানিজ বলেন, হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দের মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।

বর সুজন বিশ্বাস বলেন, আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই-এটাই আমাদের স্পষ্ট অবস্থান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর