ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে একটি উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। হাজারো জুলাই যোদ্ধার মাঝে আধিপত্যবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত শহীদ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এম-ডুয়েট (M-DUET) প্রকল্পের আওতাধীন ১৭ তলা বহুমুখী গবেষণা কেন্দ্র ভবনটির নাম তাঁর নামে নামকরণের দাবি জানানো হয়েছে।
এ লক্ষ্যে ডুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে গবেষণা ভবনটির নাম “শহীদ ওসমান হাদী বহুমুখী গবেষণা কেন্দ্র” হিসেবে নির্ধারণের প্রস্তাব করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রস্তাবিত নাম সম্বলিত একটি ব্যানার ভবনটিতে স্থাপন করা হয়। শিক্ষার্থীরা জানান, এই নামকরণ জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার স্মারক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ডুয়েট প্রশাসন তাদের এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
