খালেদা জিয়ার মৃত্যুতে ফিলিস্তিন প্রেসিডেন্টের শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ বুধবার (৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তাটি প্রকাশ করা হয়।

গত ৩০ ডিসেম্বর পাঠানো শোক বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

শোকবার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, শোকের এই সময়ে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণ, আপনার দেশ এবং মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা প্রকাশ করছেন। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী এবং শোকাহত পরিবারসহ সবাইকে এই দুঃখ সইবার ধৈর্য ও সান্ত্বনা দান করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন