শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা জানালেন এডভোকেট জয়নুল আবেদীন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

মাধবপাশা, বাবুগঞ্জ (বরিশাল), ১২ জানুয়ারি ২০২৬:
জুলাই গণঅভ্যুত্থানের বীর সৈনিক, ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

আজ দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় শহীদ হাদীর শ্বশুর সুলতান আহমেদের বাড়িতে উপস্থিত হয়ে তিনি পরিবারটির সদস্যদের সান্ত্বনা দেন, তাঁদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এ সময় এডভোকেট জয়নুল আবেদীন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “শহীদ ওসমান বিন হাদী শুধু একটি পরিবারের সন্তান নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর রক্তের দায় এ দেশের প্রতিটি বিবেকবান মানুষের ওপর বর্তায়। আমরা তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। ইতিহাস সাক্ষী, দমন-পীড়নের মধ্য দিয়েই সত্য ও ন্যায়ের বিজয় আসে। শহীদ হাদীর আত্মত্যাগ আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করবে।”

পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের এই শোক আমাদের সবার শোক। এই কষ্টে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। ইনশাআল্লাহ, শহীদ হাদীর রক্তের বিচার বাংলার মাটিতেই হবে।”

এ সময় তিনি শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, শহীদ হাদী ছিলেন নির্ভীক, সাহসী ও আপসহীন এক সংগ্রামী নেতা। তাঁর এই নির্মম হত্যাকাণ্ড দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।

শোকাহত পরিবার ও এলাকাবাসীর চোখে-মুখে তখন শুধুই কান্না, বেদনা আর ন্যায়বিচারের প্রত্যাশা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর