সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বসছে নবম জাতীয় বেতন কমিশনের (পে কমিশন) স্থগিত হওয়া সেই গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ সভা। সচিবালয়ে কমিশনের নিজস্ব সভাকক্ষে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো আভাস দিচ্ছে, এই সভা থেকেই আসতে পারে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণা।
জানা গেছে, আজকের সভায় কমিশনের সদস্যরা মূলত তিনটি প্রধান বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো বিদ্যমান গ্রেড সংখ্যা সংস্কার। বর্তমানে সরকারি চাকরিতে ২০টি গ্রেড চালু থাকলেও কমিশনের একটি অংশ এটি কমিয়ে ১৬টি করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, অন্য একটি পক্ষ ২০টি গ্রেড বজায় রেখেই যৌক্তিক হারে বেতন বাড়ানোর পক্ষে মত দিচ্ছে। আজকের আলোচনায় এই গ্রেড জটিলতার স্থায়ী সমাধান হতে পারে।
জাতীয় বেতন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন সংস্থা ও পেশাজীবী সংগঠন থেকে আসা শত শত প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদন তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। কমিশনের লক্ষ্য হলো এমন একটি সুপারিশ পেশ করা যা বাস্তবসম্মত এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। আজকের সভায় বাকি থাকা ছোটখাটো অসংগতিগুলো দূর করে সুপারিশ জমা দেওয়ার তারিখ চূড়ান্ত করা হবে।
সূত্রের খবর অনুযায়ী, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় সরকার চাচ্ছে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে। ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে। যাতে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে সরকার।
সচিবালয়ে আজকের এই সভাকে কেন্দ্র করে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
